Image description

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বহনকারী বিমান মলদোভা থেকে উড্ডয়নের সময় ড্রোনের কারণে প্রায় বিপদের মুখে পড়েছিল বলে জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর। তবে ইউক্রেনের একটি সূত্র এই হুমকিকে অতিরঞ্জিত বলে দাবি করেছে।

নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যম এনআরকে-কে গত বুধবার স্টোর বলেন, মলদোভা থেকে উড্ডয়নের সময় জেলেনস্কির বিমানটি প্রায় একটি ড্রোনের আঘাতের মুখে পড়েছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।

মলদোভার সরকারের এক মুখপাত্র জানান, ড্রোনের সতর্কতার কারণে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে মলদোভার ভূখণ্ডে একটি রুশ ড্রোন বিধ্বস্ত হওয়ার পর জেলেনস্কির বিমানটি উড্ডয়ন করতে সক্ষম হয়। তবে নরওয়ের প্রধানমন্ত্রী ও মলদোভার মুখপাত্র যে ড্রোনের কথা বলেছেন, সেটি একই ড্রোন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলেনস্কি মঙ্গলবার সন্ধ্যায় অসলো পৌঁছান। সেখানে তিনি নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইদে ও অর্থমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গের সঙ্গে সামরিক ও বেসামরিক সহায়তা নিয়ে আলোচনা করেন। পরদিন তিনি নরওয়ের প্রয়াত রাজা পঞ্চম হারাল্ডের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, মঙ্গলবার একটি রুশ শাহেদ ড্রোন প্রায় এক ঘণ্টা মলদোভা ও রোমানিয়ার আকাশসীমায় উড়েছিল। পরে সেটি মলদোভায় বিধ্বস্ত হয়। তবে এটিই জেলেনস্কির বিমানের কাছাকাছি যাওয়া ড্রোন কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: ডয়চে ভেলে
এমআর