দ্যা গার্ডিয়ানের এক্সপ্লেইনার
এআই দিয়ে ড্রোন বানাচ্ছে রুশ ডেভেলপাররা! কীভাবে কাজ করে এই প্রযুক্তি?
রাশিয়ার একটি ছোট দল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় ‘কামিকাজে’ ড্রোনের ঝাঁকের জন্য সফটওয়্যার তৈরি করেছে বলে জানিয়েছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক।
অ্যানথ্রপিকের ১৫৪ পৃষ্ঠার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াভিত্তিক ওই ডেভেলপাররা এআই চ্যাটবট ক্লড ব্যবহার করে ফার্স্ট-পার্সন-ভিউ (এফপিভি) ড্রোনের সফটওয়্যার তৈরি করে। এসব ড্রোন নিজে থেকেই লক্ষ্য নির্বাচন, লক্ষ্যবস্তুতে আঘাতের শেষ ধাপের নির্দেশনা এবং একাধিক ড্রোনের মধ্যে সমন্বয় করতে পারে। এমনকি কোনো মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণের জন্য এগুলোকে প্রোগ্রাম করা হয়েছিল।
দ্যা গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ডেভেলপাররা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানকে বারবার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল। অ্যানথ্রপিকের ভৌগোলিক নিষেধাজ্ঞা এড়াতে তারা ভিপিএনও ব্যবহার করে।
অ্যানথ্রপিক আরও জানিয়েছে, সাইবার অপরাধী ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা বড় ধরনের সাইবার হামলার বিভিন্ন ধাপে এআই ব্যবহার করছে। ইউক্রেনের সরকারি, সামরিক ও কূটনৈতিক খাতের কর্মকর্তাদের লক্ষ্য করে ফিশিং, হোটেলের ওয়াই-ফাই দখল এবং হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে নেওয়ার মতো কর্মকাণ্ডেও এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, হ্যাকারদের একটি দল নিরাপত্তাব্যবস্থা তাদের ম্যালওয়্যার শনাক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে তা বুঝতে এবং শনাক্তকরণ এড়াতে কোড পুনর্লিখতে সক্ষম এমন একটি এআই-নির্ভর ব্যবস্থা তৈরি করেছিল।
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলার তীব্রতাও বেড়েছে। শুক্রবার দুটি পেট্রল স্টেশনে রুশ হামলায় অন্তত দুজন নিহত ও ১২ জন আহত হন বলে জানান কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। এর আগের দিনও একই ধরনের হামলা হয়েছিল।
সূত্র: The Guardian
এনএ




Comments