Image description

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পর গত জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। শুধু গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে আইওএম জানায়, ইয়েমেনে বাস্তুচ্যুতি সংকট দ্রুত ভয়াবহ আকার ধারণ করছে। জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দেওয়ার পর থেকেই বাস্তুচ্যুতির এই ঢল শুরু হয়।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সংঘাত বাড়ায় বহু পরিবার রাতের অন্ধকারে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। আশ্রয় নেওয়ার মতো নিরাপদ কোনো জায়গা না থাকায় মারাত্মক ঝুঁকির মুখে পড়েছেন তারা। আইওএম-এর আগের হিসেব অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে প্রায় ৪৬ হাজার এবং গত মঙ্গলবার পর্যন্ত ১৮ হাজার ৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন, যা সপ্তাহ ঘুরতেই আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

তথ্যমতে, ইয়েমেনের পশ্চিম উপকূল এবং তাইজ অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইজ প্রদেশ। কেবল এই এক প্রদেশের বিভিন্ন জেলা থেকেই প্রায় ৮ হাজার ৩০০ পরিবার বা প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ বাঁচাতে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

ডিআর