Image description

ইরান-সংঘাতের প্রভাবে বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একদিকে হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ ও হামলা, অন্যদিকে লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মান্দেব ঘিরে হুতিদের নিয়ন্ত্রণ—দুই ঘটনায় তেল সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় চাপ তৈরি হতে পারে। বিশ্বের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ হলে সরবরাহব্যবস্থায় সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে। তাদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদা। সম্প্রতি উপকূলীয় কয়েকটি এলাকাতেও নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে তারা। গত বৃহস্পতিবার বন্দরনগরী মোখা দখলের দাবি করেছে হুতিরা।

এদিকে গত সপ্তাহে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে নতুন অভিযান শুরু করে হুতিরা। বাব আল-মান্দেবের কাছাকাছি সীমান্ত এলাকাগুলোতেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।

চাপে যুক্তরাষ্ট্র

হরমুজের পাশাপাশি বাব আল-মান্দেব পরিস্থিতিও যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে ওই অঞ্চলে ব্যস্ত। এর মধ্যে হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত আরও জটিল হলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়তে পারে।

রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের ডি ফ্যাক্টো ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন। হুতিদের মোকাবিলায় সহযোগিতা চাওয়া হলেও যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক হস্তক্ষেপে না যাওয়ার অবস্থান জানিয়েছে। তবে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন।

হরমুজ নিয়ে আলোচনায় ইরান

এদিকে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ইরানের। ওমানে অনুষ্ঠেয় বৈঠকে হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর মধ্যেই কেশম দ্বীপের কাছে একটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের শত্রুপক্ষকে দায়ী করেছেন।

হরমুজ ও বাব আল-মান্দেব—দুটি গুরুত্বপূর্ণ নৌপথেই উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

এসএস