এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত নারী ক্রিকেট দল। ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে ২০২৬ নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে ভারত। জবাবে ভারতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১১১ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।
ভারতের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা। পাওয়ার প্লেতে তারা ৫৭ রান তুলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। মাত্র ২৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২১তম ফিফটি পূর্ণ করেন শেফালি। নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই দ্রুততম ফিফটি।
শেফালি ও স্মৃতি মিলে ১২৯ রানের উদ্বোধনী জুটি গড়েন, যা নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ। দুজনই ৫৯ রান করে সাজঘরে ফেরেন।
শেষ দিকে গুণালন কমলিনীর ৫ বলে ১৫ রানের ঝড়ো ইনিংসে ১৮৩ রানের বড় সংগ্রহ পায় ভারত। নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। বিশমি গুনারত্নে ও চামারি আতাপাত্তু ৫৮ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়লেও আতাপাত্তুর ৩৬ রানে ফেরার পর দ্রুত ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং।
শেষ পর্যন্ত ১১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল শ্রী চরণী। চার ওভারে ২০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। দীপ্তি শর্মা ১৯ রান খরচায় শিকার করেন তিন উইকেট।
এই জয়ে টি-টোয়েন্টি নারী এশিয়া কাপে ভারতের শিরোপা সংখ্যা দাঁড়াল চারটিতে।
এসএস




Comments