রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বড় জয় পেয়েছে। ৯৫ শতাংশের বেশি ভোট গণনা শেষে দলটি ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে। এর ফলে ৪৫০ আসনের স্টেট ডুমায় ইউনাইটেড রাশিয়া ৩৫৫টি আসন পেতে যাচ্ছে।
শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনব্যাপী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন। ভোটে প্রায় ৬০ শতাংশ ভোটার অংশ নেন।
রাশিয়ার স্টেট ডুমার মোট আসন ৪৫০টি। এর মধ্যে ২২৫টি আসন দলীয় তালিকার ভিত্তিতে এবং বাকি ২২৫টি একক আসনে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। প্রাথমিক ফল অনুযায়ী, একক আসনের ২২৫টির মধ্যে ২০৮টিতে ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা এগিয়ে ছিলেন।
এই ফলাফলে ইউনাইটেড রাশিয়ার সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হয়েছে। ২০২১ সালের নির্বাচনে দলটি ৪৯ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছিল। এবার তাদের ভোটের হার বেড়ে ৫৭ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে।
প্রাথমিক ফলাফলে কমিউনিস্ট পার্টি ৪০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসন পেতে যাচ্ছে। এসব দল সাধারণত ক্রেমলিনের গুরুত্বপূর্ণ নীতির সঙ্গে ভোট দিয়ে থাকে।
তবে নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। যুদ্ধবিরোধী অবস্থানের জন্য পরিচিত ইয়াবলোকো দল জাতীয় পার্লামেন্টে কোনো আসন পায়নি। আন্তর্জাতিক বিভিন্ন মহলও নির্বাচনে বিরোধী প্রার্থীদের অংশগ্রহণ সীমিত করা এবং ইউক্রেনের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ভোট আয়োজনের সমালোচনা করেছে।
এদিকে চেচনিয়ার নেতা রমজান কাদিরভও আঞ্চলিক নির্বাচনে ৯৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়ে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন বলে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ঘোষিত এই ফলাফল এখনো চূড়ান্ত নয়। তবে প্রাথমিক ফল অনুযায়ী, পার্লামেন্টে ইউনাইটেড রাশিয়ার অবস্থান আরও শক্তিশালী হচ্ছে।
সূত্র: এএফপি
এনএ




Comments