ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার ইরান কখনো ত্যাগ করবে না। একই সঙ্গে তিনি জানান, তেহরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও কোনো ধরনের চাপ, হুমকি বা জবরদস্তি মেনে নেবে না।
ইরানের প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ যেমন আলোচনার জন্য প্রস্তুত, তেমনি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্যও প্রস্তুত। বোমা বা সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের প্রতিরোধকে পরাজিত করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
ভাষণের শুরুতে পেজেশকিয়ান আয়াতুল্লাহ আলী খামেনি এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত ইরানি শিশুদের ছবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ইরানের ওপর হামলার সময় লামের্দ এলাকায় শিশুদের লক্ষ্য করে ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।
ইরানকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করার সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, যারা ইরানকে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করে, তারাই নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে জঘন্য সন্ত্রাস চালাচ্ছে।
তিনি আরও বলেন, গত ২০০ বছরে ইরান কোনো দেশ আক্রমণ বা দখল করেনি। তবে দেশটি সবসময় দৃঢ়তার সঙ্গে নিজেদের রক্ষা করেছে।
ইসরাইলের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, একদিকে ইসরাইলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকেরা ইরানে যাওয়ার জন্য তৎপরতা চালাচ্ছেন।
এসএস




Comments