জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত ‘জলবায়ু কার্যক্রম ও ন্যায্য রূপান্তর বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠক’ (High-Level Meeting on Climate Action and the Just Transition)-এ ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিল চম্বারে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
জলবায়ু পরিবর্তনের ফলে অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ও বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উন্নত দেশগুলোকে আরও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, দেশের অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং বৈশ্বিক জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার জোরালো দাবি জানান।
জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকের প্রধানরা, ব্যবসায়ী এবং নাগরিক সমাজের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। প্যারিস চুক্তির বাস্তবায়ন ত্বরান্বিত করা এবং বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণই ছিল এই বৈঠকের মূল লক্ষ্য।




Comments