Image description

অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মী হিসেবে অভিবাসনে আগ্রহী ব্যক্তিবর্গের ভিসা প্রক্রিয়াকরণে নতুন অগ্রাধিকার ব্যবস্থা চালু করেছে দেশটির সরকার। সরকারের নতুন এই নীতিমালার অধীনে এইজড কেয়ার (বয়স্ক সেবা), স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ—এই সাতটি গুরুত্বপূর্ণ খাতের নির্ধারিত পেশার আবেদনসমূহকে অগ্রাধিকারের শীর্ষে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশটির অস্থায়ী, স্থায়ী এবং আঞ্চলিক (রিজিওনাল) বেশ কয়েকটি দক্ষ কর্মী ভিসা আবেদনের নিষ্পত্তিতে নতুন এই ক্রম কার্যকর করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন এ ব্যবস্থার জন্য দেশটির সরকার 'মিনিস্টেরিয়াল ডিরেকশন ১২১' এবং 'মিনিস্টেরিয়াল ডিরেকশন ১২২' জারি করেছে; যা মূলত পূর্বের 'ডিরেকশন ১১৯'-এর স্থলাভিষিক্ত হলো।

নতুন এই অগ্রাধিকার তালিকায় সবচেয়ে বড় স্থান পেয়েছে স্বাস্থ্য ও কেয়ার খাত। এর আওতায় চিকিৎসক ও নার্সদের পাশাপাশি এইজড অর ডিজঅ্যাবল্ড কেয়ারার (৪২৩১১১), নার্সিং সাপোর্ট ওয়ার্কার (৪২৩৩১২) এবং পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট (৪২৩৩১৩) সহ সরাসরি সেবামূলক পেশাগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়া মেডিক্যাল সায়েন্টিস্ট, সাইকোলজিস্ট, কাউন্সেলর, সোশ্যাল ওয়ার্কার ও মেডিক্যাল টেকনিশিয়ানরা এই তালিকায় রয়েছেন।

স্বাস্থ্যসেবার পাশাপাশি নির্মাণ খাতে কনস্ট্রাকশন ম্যানেজার, ইলেকট্রিশিয়ান, সিভিল ইঞ্জিনিয়ারিং পেশাজীবী, বিল্ডিং ও সার্ভেয়িং টেকনিশিয়ান, ওয়েল্ডিং ও স্টিল কর্মী, আর্থমুভিং প্ল্যান্ট অপারেটর এবং ক্রেন অপারেটরের মতো পেশাগুলোকে দ্রুত প্রক্রিয়াকরণের আওতায় আনা হয়েছে। শিক্ষা খাতে স্কুলশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভোকেশনাল এডুকেশন শিক্ষক ও চাইল্ড কেয়ার সেন্টার ম্যানেজারদের আবেদন দ্রুত অগ্রাধিকার পাবে। একই অগ্রাধিকারের অন্তর্ভুক্ত রয়েছে কৃষি, জলজ চাষ, মৎস্য ও আইন-শৃঙ্খলা এবং প্রতিরক্ষা খাতের নির্দিষ্ট পেশাসমূহ।

প্রক্রিয়াকরণের ক্ষেত্রে অস্থায়ী দক্ষ কর্মীদের 'স্কিলস ইন ডিমান্ড সাবক্লাস ৪৮২' ভিসার জন্য 'ডিরেকশন ১২১' কার্যকর করা হয়েছে। এর আওতায় সাতটি প্রধান খাতের আবেদন প্রথমে নিষ্পত্তির পর 'স্পেশালিস্ট স্কিলস স্ট্রিম' এবং পরবর্তীতে অন্যান্য সাধারণ আবেদনগুলো বিচার করা হবে। অপরদিকে, স্থায়ী ও আঞ্চলিক ভিসার ক্ষেত্রে (যেমন: এমপ্লয়ার নমিনেশন স্কিম ১৮৬, স্কিলড ইন্ডিপেনডেন্ট ১৮৯, স্কিলড নমিনেটেড ১৯০, স্কিলড ওয়ার্ক রিজিওনাল ৪৯১ ইত্যাদি) 'ডিরেকশন ১২২' অনুসরণ করা হবে।

অস্ট্রেলীয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, নতুন এই নির্দেশনায় ভিসার মূল যোগ্যতা, দক্ষতা, ইংরেজি ভাষার দক্ষতা, অভিজ্ঞতা বা নমিনেশনের শর্তাবলীতে কোনো পরিবর্তন আনা হয়নি। মূলত আবেদনের ফাইল পর্যালোচনার অগ্রাধিকার ক্রম পরিবর্তন করা হয়েছে, যা ইতিপূর্বে জমা পড়া সিদ্ধান্তহীন আবেদনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় দক্ষ অভিবাসন নিয়ে কাজ করা সিডনিভিত্তিক প্রতিষ্ঠান ‘স্কিলওয়েব গ্লোবাল’-এর পরিচালক নাসির উদ্দিন এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "অস্ট্রেলিয়ায় বিভিন্ন খাতে দক্ষ কর্মীর প্রচুর চাহিদা রয়েছে। সরকারের নতুন এই পদক্ষেপের ফলে স্বাস্থ্য, কেয়ার ও অবকাঠামোগত খাতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দ্রুত সম্পন্ন হবে। এতে বাংলাদেশসহ বিশ্বজুড়ে থাকা দক্ষ ও যোগ্য পেশাজীবীদের জন্য কম সময়ে অস্ট্রেলিয়ায় আসার সুযোগ তৈরি হবে।"

ডিআর