Image description

কক্সবাজারের ফাতেমা আক্তারের এশিয়ান গেমস অভিযান শুরু হয়েছে পেনাল্টির ধাক্কায়। জাপানের আইচি-নাগোয়ায় এশিয়ান গেমসের নারী শর্টবোর্ড সার্ফিংয়ের রাউন্ড-১-এ তিন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন বাংলাদেশের এই সার্ফার। তবে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও তার পদকের স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লং বিচে নারী সার্ফিংয়ের বাছাইপর্বের রাউন্ড-১-এর ২ নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করেন কক্সবাজার থেকে উঠে আসা ফাতেমা। হিটে নিজের সেরা দুটি ওয়েভের স্কোর মিলিয়ে ফাতেমার মোট পয়েন্ট দাঁড়ায় ২ দশমিক ৯২। এর মধ্যে একটি ওয়েভ থেকে তিনি সর্বোচ্চ ২ দশমিক ৫০ পয়েন্ট আদায় করেন।

তবে দ্বিতীয় স্কোরিং ওয়েভেই ঘটে বিপত্তি। ওই ওয়েভে ফাতেমা ০ দশমিক ৮৩ পয়েন্ট পেলেও ‘ইন্টারফেয়ারেন্স পেনাল্টি’র কারণে স্কোর কমে দাঁড়ায় ০ দশমিক ৪২-এ। ফলে গুরুত্বপূর্ণ ওই ওয়েভের স্কোর হারিয়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে পড়েন তিনি।

ফাতেমার হিটে আধিপত্য দেখিয়েছেন চীনের সার্ফার জিন শুহান। দুটি সেরা ওয়েভে যথাক্রমে ৪ দশমিক ০০ ও ৩ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে মোট ৭ দশমিক ৭৩ স্কোর করেন তিনি। ফলে হিটে শীর্ষস্থান নিশ্চিত করেন চীনের এই প্রতিযোগী।

ইন্দোনেশিয়ার হেয়ার কিয়া জো দুটি ওয়েভে ২ দশমিক ৭৩ ও ২ দশমিক ৩০ পয়েন্ট পেয়ে মোট ৫ দশমিক ০৩ স্কোর নিয়ে দ্বিতীয় হন। ফাতেমার মোট স্কোর ২ দশমিক ৯২ হওয়ায় তাকে তৃতীয় হয়েই হিট শেষ করতে হয়।

তবে এখানেই শেষ হচ্ছে না বাংলাদেশের ফাতেমার এশিয়ান গেমস অভিযান। এবারের নারী সার্ফিংয়ের প্রথম রাউন্ডে ২১ জন প্রতিযোগী আটটি হিটে অংশ নিচ্ছেন। নিয়ম অনুযায়ী, প্রতিটি হিটের বিজয়ী সরাসরি রাউন্ড-৩ বা শেষ ষোলোতে জায়গা করে নেবেন।

অন্যদিকে, প্রথম রাউন্ডে তৃতীয় হওয়া ফাতেমার সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর সুযোগ। প্রথম রাউন্ডে পরাজিত সার্ফাররা রাউন্ড-২ বা এলিমিনেটর রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেখানে সাফল্য পেলে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে পদকের লড়াইয়ে পৌঁছানোর পথ খোলা থাকবে। ফলে প্রথম হিটে পেনাল্টির কারণে পিছিয়ে পড়লেও কক্সবাজারের এই সার্ফারের সামনে এখনো ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।

এসএ