‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা বিজয় চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে সাবিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে অভিনেতার মেয়ে ফিওনা ইসলাম লেখেন, ‘‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন।’’
বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও লেখেন, ‘‘আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন। সকলের কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন রইল। আল্লাহ যেন আমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’’
অভিনেতার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী জানান, ‘‘গত বৃহস্পতিবার আব্বু তার এক ভাগ্নের দাওয়াতে সিংগাইর গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়। এরপর আব্বুকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান, তিনি হার্ট অ্যাটাক করেছেন। এখন আব্বুকে পিসিসিইউতে (PCCU) রাখা হয়েছে।’’
উল্লেখ্য, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম। ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটিতে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দারুণ পরিচিতি পান বিজয় চৌধুরী।
সিনেমাটিতে অভিনয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ২২ বছর। স্বাধীনতার পর ১৯৭৩ সালে জন্ম নেওয়া এই অভিনেতার নাম রাখা হয়েছিল ‘বিজয়’। বর্তমানে ৫৪ বছরে পা দিয়েছেন তিনি।
রাজধানীর দক্ষিণ বাড্ডায় জন্ম নেওয়া বিজয় চৌধুরীর ১৯৯৩ সালে পরিচালক রায়হান মুজিবের ‘প্রেমপ্রীতি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়। এরপর দুই-তিনটি সিনেমায় অভিনয় করলেও ‘রইছ’ চরিত্রের মতো আর কোনো চরিত্র তাঁকে সেই পরিচিতি এনে দিতে পারেনি।
ডিআর




Comments