চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ষাটনল লঞ্চঘাট এলাকায় নারায়ণগঞ্জ-চাঁদপুর নৌরুটের যাত্রীবাহী এমভি মকবুল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চ থেকে নামার পর ওই যুবক বুঝতে পারেন, তাঁর ব্যাগটি লঞ্চে রয়ে গেছে। ব্যাগ নিতে তিনি আবার লঞ্চে ওঠেন। পরে দ্রুত নামার সময় লঞ্চটি ঘাট ছেড়ে দেয়। এ সময় ভারসাম্য হারিয়ে তিনি মেঘনা নদীতে পড়ে যান। মুহূর্তেই স্রোতের মধ্যে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে জাল ফেলে এবং নৌকাযোগে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, নিখোঁজ যুবকের ব্যাগে ওষুধ ও স্যালাইন পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থ ছিলেন এবং চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। তবে তাঁর অসুস্থতার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে দুপুরের দিকে উদ্ধার অভিযানে নামে চাঁদপুর নদী ফায়ার স্টেশন। অভিযানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌ পুলিশের বিভিন্ন ইউনিটও যুক্ত হয়। ডুবুরি দল কয়েক দফায় লঞ্চঘাটের আশপাশে নদীতে তল্লাশি চালায়।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম দৈনিক মানবকন্ঠকে বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে যায়। কয়েক ধাপে ডুবুরিরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সন্ধ্যা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক (নৌ সওপ) সঞ্জয় দেবনাথ বলেন, ‘লঞ্চঘাটের তলদেশসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে অনুসন্ধান চালানো হয়েছে। ধীরে ধীরে পুরো এলাকায় আমাদের খোঁজাখুঁজি চলছে।’
এদিকে নৌ পুলিশ জানিয়েছে, নিখোঁজ যুবকের মোবাইল ফোন পাওয়া গেছে। ফোনে থাকা সিমের তথ্যের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের পরিচয় জানা যায়নি। মেঘনা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এসএ




Comments