Image description

স্বপ্নে দেখা আদেশের ওপর ভিত্তি করে পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছা ছিল নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেনের (৪৪)। তবে ভিসা ও সীমান্তসংক্রান্ত জটিলতায় ভারতের সীমানা অতিক্রম করতে না পেরে শেষ পর্যন্ত ভগ্ন হৃদয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে তাঁকে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই গ্রামের ভূমিহীন দিনমজুর দুলাল হোসেন কিছুদিন আগে স্বপ্নে আদেশ পেয়ে পায়ে হেঁটে হজ পালনের নিয়ত করেন। বিমানে যাতায়াতের আর্থিক সামর্থ্য না থাকায় তিনি হেঁটে সৌদি আরব যাওয়ার সিদ্ধান্ত নেন।

সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সঙ্গে পাসপোর্ট, এনআইডি কার্ড, কাফনের কাপড়, জায়নামাজ এবং কিছু জরুরি ওষুধপত্র নিয়ে গত (৪ আগস্ট) সকাল ১০টার দিকে স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে বিদায় নিয়ে একাই যাত্রা শুরু করেন তিনি।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পৌঁছালেও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও ভিসা না থাকায় তিনি ভারতে প্রবেশের সুযোগ পাননি। সীমান্তে আটকে গিয়ে শেষ পর্যন্ত ভারতে ঢুকতে না পেরে সম্প্রতি নিজ গ্রামে ফিরে আসেন তিনি। পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ায় তিনি চরম হতাশ ও ব্যথিত।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দুলাল হোসেন বলেন, "আমার বহুদিনের ইচ্ছা ছিল হেঁটে মক্কায় গিয়ে হজ পালন করব। কিন্তু সীমানা পার হতে না পেরে ফিরে আসতে হলো। তবে আমি এখনো আশা ছাড়িনি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন তিনি আমাকে যেকোনো উপায়ে হজ পালনের তৌফিক দান করেন।"

বর্তমানে নিজ এলাকায় অবস্থান করা দুলাল হোসেন তাঁর এই অপূর্ণ স্বপ্ন যেন ভবিষ্যতে কোনোভাবে পূরণ হতে পারে, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসএ