তারেক রহমানের সাক্ষাৎ পেতে বিএনপি নেতাকর্মীদের ভিড়
ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা জানাতে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতের সামনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
তবে সাক্ষাৎ অনুষ্ঠানকে ঘিরে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত নেতাকর্মীদের অনেকে। এ জন্য তারা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে দায়ী করেছেন। তাদের অভিযোগ, অনুষ্ঠান আয়োজনের কথা বলে অনেকের কাছ থেকে অর্থ নেওয়া হলেও প্রত্যাশিতভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে ব্যর্থ হয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে আনোয়ার হোসেন খোকনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় সময় শুক্রবার দুপুরে ম্যানহাটনের হোটেল গ্র্যান্ড হায়াতের সামনে দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব নেতাকর্মী তাদের নেতার সঙ্গে দেখা করা এবং শুভেচ্ছা জানানোর প্রত্যাশায় সেখানে অবস্থান নেন।
সাক্ষাৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভও দেখা যায়। অনেকের অভিযোগ, সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব ও বিশৃঙ্খলার কারণে দূর-দূরান্ত থেকে আসা অনেক নেতাকর্মী শেষ পর্যন্ত তারেক রহমানের সঙ্গে দেখা করার সুযোগ পাননি।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নেতাকর্মী বলেন, আয়োজকদের পক্ষ থেকে যথাযথ সমন্বয়, নির্দেশনা ও শৃঙ্খলা নিশ্চিত করা হলে পরিস্থিতি আরও সুষ্ঠুভাবে সামাল দেওয়া সম্ভব হতো।
একজন নেতাকর্মী বলেন, “আমরা প্রিয় নেতার সঙ্গে দেখা করতে অনেক কষ্ট করে এসেছি। কিন্তু আয়োজকরা সঠিক নির্দেশনা বা শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। একটু আন্তরিকতা ও সঠিক পরিকল্পনা থাকলে অনুষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো।”
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।
এসএ




Comments