Image description

ভারত প্রতিবেশী কোনো দেশের ভূখণ্ড দখল করতে চায় না, এমনকি যুদ্ধও তাদের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে ভারতের শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা মনে করলে বড় ভুল হবে বলে পাকিস্তানকে সতর্ক করেছেন তিনি।

এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ অংশ নিয়ে রাজনাথ সিং বলেন, ভারত শান্তি চায়, তবে দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করবে না। প্রতিবেশী কোনো দেশ সন্ত্রাসবাদের পথ থেকে সরে না এলে সন্ত্রাসীদের কোণঠাসা করতে কঠোর পদক্ষেপ নিতে ভারত দ্বিধা করবে না।

মূলত পাকিস্তানের উদ্দেশেই এ হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। ২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা স্মরণ করে তিনি বলেন, ভারত এর আগেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করে উপযুক্ত জবাব দিয়েছে।

রাজনাথ সিং আরও বলেন, ভারত সব সময় আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে বিশ্বাসী। তবে কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিতে থাকলে তার সঙ্গে আলোচনার পথ বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত সব সময় আপসহীন থাকবে।

সূত্র: এনডিটিভি

এসএস