Image description

ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পিটিআইকে তাদের ইসলামাবাদমুখী লং মার্চ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বিরোধী দলকে সরকারের সঙ্গে বসে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করার অনুরোধ করেন।  কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে এই লং মার্চের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, পিটিআইকে আলোচনায় যুক্ত করার জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিক চেষ্টা চালানো হলেও তারা শুধু আলোচনা ব্যর্থ করার উদ্দেশ্যেই কাজ করে। তিনি আরও বলেন যে এই ধরনের বিক্ষোভ ও লং মার্চ দেশের ভঙ্গুর অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

অন্যদিকে, পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান দাবি করেন যে সরকারের পক্ষ থেকে আলোচনা শুধু কথার কথাতেই সীমাবদ্ধ ছিল, বাস্তবে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া প্রায় এক বছর ধরে তাদের দলের প্রধান ইমরান খানের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

দেশটির স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তালাল চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পিটিআই লং মার্চ ও বিক্ষোভ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার না করলে সরকারের সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে না। সন্ত্রাস দমন এবং খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা এগোলেও শেষ মুহূর্তে বিরোধীদের অসহযোগিতার কারণে তা ভেস্তে গেছে। 

সূত্র: দ্য ডন।

এসএস