ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধরনায় বসে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। আটকের পরও প্রতিবাদ অব্যাহত রেখে পুলিশের প্রিজন ভ্যানে বসে গান গেয়েছেন ও স্লোগান দিয়েছেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় মমতাকে ‘জাগো দুর্গা’ গান গাইতে দেখা যায়। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে ‘দেশ বাঁচান’ বলে স্লোগান দেন তিনি। এ সময় তাঁর কণ্ঠে ‘অ্যায় মেরে বতন কে লোগো’ গানটিও শোনা যায়।
মমতার অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণভাবে ধরনায় বসেছিলেন। কিন্তু পুলিশ জোর করে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মমতাকে বলতে শোনা যায়, তাঁদের বহনকারী পুলিশের গাড়িটি প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন এলাকায় ঘুরেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের আচরণ করে গণতন্ত্র রক্ষা করা সম্ভব নয়। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতাকেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য সাকেত গোখলে ও ডেরেক ও’ব্রায়েন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই ধরনা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
এনএ




Comments