Image description

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ কয়েকজন আইনপ্রণেতার ইমেইল অ্যাকাউন্ট আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ইতালির বার্তা সংস্থা আনসা এ তথ্য জানিয়েছে।

হামলায় নিম্নকক্ষের পুরো কম্পিউটার ব্যবস্থা আক্রান্ত হলেও প্রযুক্তিবিদরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পালাজ্জো চিগির সূত্র জানিয়েছে, মেলোনির যে ইমেইল অ্যাকাউন্টটি আক্রান্ত হয়েছে, সেটি তিনি সরকারি কাজে ব্যবহার করেন না।

পার্লামেন্টের নিম্নকক্ষের সূত্রগুলো জানিয়েছে, ঘটনাটিকে আপাতত জরুরি নিরাপত্তা পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে না। তাদের ভাষ্য, এ ধরনের সাইবার হামলা প্রায় প্রতিদিনই ঘটে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে কম্পিউটার সিস্টেমের কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলেও জানানো হয়েছে। এটি স্বাভাবিক নিরাপত্তা প্রক্রিয়ার অংশ।

সূত্রগুলো আরও জানিয়েছে, সাম্প্রতিক সময়ে এ ধরনের সাইবার হামলা এবং তথ্যপ্রযুক্তি ব্যবস্থার ওপর চাপ বেড়েছে। শুধু ইতালি নয়, ইউরোপের বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানও একই ধরনের হামলার মুখে পড়ছে।

এসএস