ইয়েমেনের হোদেইদা প্রদেশের গুরুত্বপূর্ণ রাস ইসা বন্দর ও একটি তেল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এসব হামলায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি বিদ্রোহীরা।
সোমবার (২ নভেম্বর) হুথিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গোষ্ঠীটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট প্রথমে লোহিত সাগরের তীরে অবস্থিত রাস ইসা বন্দরে হামলা চালায়। এতে চার বেসামরিক ব্যক্তি আহত হন।
পরে বাজিল জেলার একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে আরও তিনজন আহত হন। তাঁরাও বেসামরিক নাগরিক বলে দাবি করেন আনিস আলসাবাহি।
হুথি এই কর্মকর্তা বলেন, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইয়েমেনের বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের ধারাবাহিকতায় এ হামলা যুক্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
গত জুলাইয়ে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের নতুন করে সংঘাত শুরু হয়। এর ফলে ইয়েমেনে আবারও গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হলে ২০১৫ সালে হুথিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সাল পর্যন্ত অভিযান চালিয়েও হুথিদের হটাতে পারেনি জোটটি। ওই বছর জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও চলতি বছরের জুলাইয়ে তা ভেস্তে যায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিএইচ




Comments