Image description

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে আরও শক্তিশালীভাবে স্মার্টফোনে যুক্ত করার পরিকল্পনা করছে অ্যাপল। নতুন এআই ফিচার ও বড় হার্ডওয়্যার আপগ্রেড নিয়ে বাজারে আসতে পারে আসন্ন আইফোন ১৮ সিরিজ।

সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC) ২০২৬-এ নতুন সিরি এবং একাধিক এআই-নির্ভর ফিচার প্রদর্শন করেছে অ্যাপল। এসব ফিচার আরও কার্যকরভাবে ব্যবহারকারীর কাছে পৌঁছে দিতে আইফোন ১৮ সিরিজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হতে পারে।

একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে, আইফোন ১৮ সিরিজের সব মডেলে ১২ জিবি র‍্যাম থাকতে পারে, এমনকি স্ট্যান্ডার্ড মডেলেও। বর্তমানে তুলনামূলক কম র‍্যামের কারণে কিছু উন্নত এআই ফিচার সীমিতভাবে ব্যবহার করা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন সিরি এআই ব্যবহারকারীর আচরণ বুঝে আরও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতে পারবে। জটিল নির্দেশনা বিশ্লেষণ, কনটেন্ট তৈরি এবং দৈনন্দিন কাজ পরিচালনায় আরও উন্নত অভিজ্ঞতা দিতে পারবে এই প্রযুক্তি।

তবে বিষয়টি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখতে অ্যাপল হার্ডওয়্যারে পরিবর্তন আনতে পারে। আবার বিশ্ববাজারে মেমোরি চিপের দাম বৃদ্ধিও এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

সব মিলিয়ে আইফোন ১৮ সিরিজে এআই-কেন্দ্রিক বড় পরিবর্তন আসার সম্ভাবনা প্রযুক্তি দুনিয়ায় নতুন আগ্রহ তৈরি করেছে।

মানবকণ্ঠ/আরআই