Image description

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিএনপিপন্থি আইনজীবীদের হাতে এক বিচারপ্রার্থী হেনস্তার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে আদালত ভবনের সামনে সোনালী ব্যাংক সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে আদালত পাড়ায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একপেশে নির্বাচনের অভিযোগ তুলে বিক্ষোভ করছিল জামায়াত ও এনসিপি সমর্থিত ‘ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ’। একই সময়ে সেখানে অবস্থান নিয়েছিলেন বিএনপি সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ’-এর নেতাকর্মীরাও।

বিক্ষোভ চলাকালে আদালতে আসা এক ব্যক্তিকে ঘিরে হঠাৎ হট্টগোল শুরু হয়। বিএনপিপন্থি কয়েকজন আইনজীবীর দাবি, ওই ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। তবে ঘটনাস্থলে উপস্থিত অন্য আইনজীবীরা জানিয়েছেন, তারা এমন কোনো স্লোগান শুনতে পাননি।

প্রত্যক্ষদর্শী আইনজীবী আবু বকর মো. ওমর আলী জানান, স্লোগান দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন আইনজীবী ওই ব্যক্তিকে ঘিরে ধরেন। এসময় জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের অর্থ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট আবুল মনসুর ওই ব্যক্তির কলার ধরে টেনে নিয়ে যান এবং মারধরের চেষ্টা করেন। পরে উপস্থিত অন্যান্য সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ওই বিচারপ্রার্থীকে ছেড়ে দেওয়া হয়।

এই বিষয়ে চট্টগ্রাম বারের জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমন কোনো অভিযোগ পাইনি। তবে যদি কেউ ‘জয় বাংলা’ বলে থাকে, তবে সেটি অবশ্যই অপরাধ। কারণ এটি বর্তমানে একটি নিষিদ্ধ স্লোগান। তাকে আইনের আওতায় আনা উচিত।’

ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এ নিয়ে আইনজীবীদের মধ্যে কানাঘুষা চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা বা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/আরআই