সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেবল সাধারণ চুরি নয়, বরং ‘পরিকল্পিত নাশকতা’ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুরির এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে একদল দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতলার লিফটের সম্মুখের জানালার থাই গ্লাসের দুটি পার্ট খুলে ফেলে। তারা একটি পার্ট ভবনের পেছন দিক দিয়ে নিয়ে যেতে সক্ষম হলেও অন্যটি নিতে পারেনি। এ সময় শব্দ শুনে অফিসের দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
সকালে চুরির বিষয়টি অবগত হওয়ার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, "এটি একটি পরিকল্পিত নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এই ঘটনায় তাদের ইন্ধন থাকার সম্ভাবনা রয়েছে।"
অ্যাটর্নি জেনারেল তাৎক্ষণিকভাবে এই বিষয়ে থানায় অভিযোগ করার জন্য প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঘটনার সাথে জড়িত এবং নেপথ্যের ইন্ধনদাতাদের চিহ্নিত করতে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন তিনি।
মানবকণ্ঠ/ডিআর




Comments