ইলিয়াস আলী গুমের ঘটনায় উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (৯ আগস্ট) এ মামলায় রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এর আগে গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে।
এরপর গত ২৬ জুলাই রাতে রাজধানীর বাসা থেকে সাইফুর রহমানকে আটক করে বিশেষ সামরিক পুলিশ শাখা (প্রভোস্ট)।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় উইং কমান্ডার সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও জানান, ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ অন্যদের ভূমিকা নিয়েও তদন্ত চলছে।
এসএস




Comments