Image description

পঞ্চগড়ের বিরাজোত সীমান্ত এলাকায় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপকে (৩৫) সদর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

রোববার (৯ আগস্ট) বিকালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

দীপঙ্কর গোপের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার কুকুরজান মহকুমার তসরপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মিশ্রিপাল গোপের ছেলে।

এর আগে, শনিবার বিকালে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ বাংলাদেশী নাগরিককে আদালতে সোপর্দ করেছে বলে জানায়। এ সময় বিজিবি সেই ডকুমেন্টস দেখতে চাইলে বিএসএফ জানায় তাদের নাগরিককে ফেরত দিলে ডকুমেন্টস দেখাবে। পরে আবারো রবিবার বিকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাগুরমারী সীমান্তে ৭৪২ এর ১২ নম্বর সাব পিলার এলাকায় বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আধা ঘন্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ভারতীয় নাগরিককে পুলিশে দেয়া হয়।

পুলিশ ও বিজিবি জানায়, চা শ্রমিক দীপঙ্কর গোপ শনিবার সকালে সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ১২ নম্বর সাব পিলার এলাকায় চা বাগানে কাজ করার সময় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশী আখ ক্ষেতে প্রবেশ করে আখ চুরি করার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে তাকে স্থানীয়রা ওই গ্রামে আটক করে রেখে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভারতীয় নাগরিককে হেফাজতে নেয়। রাতভর বিরাজোত সীমান্ত এলাকায় এক বাড়িতে তাকে রাখা হয়।

এদিকে, গত বুধবার সকালে ওই সীমান্ত এলাকায় গরু খুঁজতে যান তমিজ উদ্দিনকে (৭৮)। পরে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। এনিয়ে বৃদ্ধ তমিজ উদ্দিনকে ফেরত দেয়ার দাবি তোলেন স্থানীয়রা। যদিও দুই দফা পতাকা বৈঠকে ওই বাংলাদেশীকে ফেরত দেয়নি বিএসএফ। স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার আলী বলেন, ‘আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক লোক, শুনতে পায় না, চলতে পারে না। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, ভারতীয় ওই নাগরিককে পুলিশের কাছে হস্তান্তরের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্তের বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়রা আমাদেরকে জানায়নি। তবে এক ভারতীয় নাগরিককে নিয়ে এলে বিএসএফ বিষয়টি আমাদেরকে বিষয়টি জানায়। পরে আমরা স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় এক বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে আখ কাটার সময় তাকে ধরে নিয়ে আসা হয়। পরে এ নিয়ে কোম্পানি ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে রবিবার বিকেলে পতাকা বৈঠকে বিএসএফ জানায়, তারা বাংলাদেশী নাগরিককে কাটাতার বেড়া কাটার অপরাধে আদালতে সোপর্দ করেছে। আমরা তার প্রতিবাদ করে জানিয়েছি বৃদ্ধ মানুষ কিভাবে কাঁটাতারের বেড়া কাটবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করা ভারতীয় নাগরিককে পুলিশে সোপর্দ করা হয়েছে।


এমআর