বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় আদালত চত্বরে বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণে কেউ আহত হননি। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে প্রবেশের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহসহ আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, ‘অগণতান্ত্রিক শক্তি এ নাশকতার পেছনে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্যেই ‘ফ্যাসিস্টদের দোসররা’ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে তারা মনে করছেন। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর আসার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য একটি মহল পাঁয়তারা চালাচ্ছে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, ‘সিআইডি টিম ঘটনাটি তদন্ত শুরু করেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।’
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।




Comments