পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে করা আরও দুই মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় পুলিশি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে এসব মামলা করা হয়েছিল। আদালত এ দুই মামলায় রুল মঞ্জুর করে জামিন দিলেও অন্যান্য মামলা থাকায় তাঁর মুক্তি সম্ভব হচ্ছে না। এর আগে গত ৩ আগস্ট একই ধরনের আরও দুটি মামলায় তাঁকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। ওই মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ওই রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর তাঁর অনুসারীদের বিক্ষোভ ও হট্টগোলের জেরে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিআর




Comments