ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।
ডিবি প্রধান বলেন, ছড়িয়ে পড়া অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি বিষয়টি তদন্ত করে দেখবে।
পুলিশ পরিদর্শক রাকিবুল হাসান ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে তাকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, অডিওটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছে।
অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা এবং পুলিশের সক্ষমতা নিয়ে মন্তব্য করতে শোনা যায় তাকে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন তিনি। পাশাপাশি পুলিশে বিভিন্ন পদে পদায়নে অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও করেন।
অডিওটি ছড়িয়ে পড়ার পর বুধবার রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এসএস




Comments