জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির রায়ে হতাশা প্রকাশ করেছেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। শেখ হাসিনার একটি মামলাতেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশার কথা জানান আমির হোসেন। এ মামলায় হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মামলার অন্য তিন আসামি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। চার আসামিই পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছিলেন আমির হোসেন।
রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘রায় সম্পর্কে আমার কিছু বলার নেই। রায়টি আমার কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে এবং আমি হতাশ।’
হতাশার কারণ জানতে চাইলে আমির হোসেন বলেন, ‘কারণ ব্যাখ্যা করা যাবে না।’
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। চার আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে যুক্তিতর্ক উপস্থাপন করেন আমির হোসেন।
এনএ




Comments