জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব জায়গায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি আশ্বস্ত করেছেন, এবারের নির্বাচন সম্পূর্ণ ভীতিহীন, নিরপেক্ষ ও উৎসবমুখর হবে।
তিনি বলেন, “এ অঞ্চলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। এবারের নির্বাচনে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। নির্বাচনের আগে ও পরে সাত দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।”
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে খুলনা বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি জানান, নির্বাচনের আগে চারদিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পর দুইদিন করে মোট সাতদিন আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে মাঠে থাকবে।
নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, মাঠ পর্যায়ে প্রায় ১ লাখ সেনাসদস্য মোতায়েন থাকবে। এছাড়া নৌবাহিনীর ৫ হাজার, কোস্টগার্ডের ৪ হাজার, বিজিবির ৩৭ হাজার, র্যাবের ৯ হাজার, পুলিশের প্রায় দেড় লাখ এবং আনসার বাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিয়োজিত থাকবে।
তিনি আরও জানান, খুলনা অঞ্চলের কিছু ভোটকেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সাধারণ কেন্দ্রের তুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বেশি থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments