ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও অধিকাংশ আসনের ফলাফল ঘোষণা সম্পন্ন হলেও তিনটি আসনের চূড়ান্ত ফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
মূলত এসব আসনের প্রার্থীদের প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এবং আদালতের সুনির্দিষ্ট নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন এ সংক্রান্ত পৃথক তিনটি চিঠি জারি করেছে।
ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীরের বিষয়ে উচ্চ আদালতের আদেশে বলা হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
একইভাবে শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর বিষয়েও কমিশন জানিয়েছে, তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপিল বিভাগের বিচারাধীন মামলার সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি বাধ্যবাধকতার কারণে এই তিন আসনের জয়-পরাজয়ের বিষয়টি আদালতের রায় আসার পরই চূড়ান্ত করা হবে। এর আগ পর্যন্ত ওই আসনগুলোর বেসরকারি ফলাফল ঝুলে থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments