Image description

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের রক্তঝরা ২১শে ফেব্রুয়ারির পর আজ এই আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে পালিত হচ্ছে বাঙালির আবেগের এই দিনটি।

দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে।

আজ ভোরে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

বাঙালির ইতিহাসের এই দিনে ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিকসহ নাম না জানা অনেক বীর সন্তান বুকের রক্ত দিয়ে মায়ের ভাষা বাংলার মর্যাদা রক্ষা করেছিলেন। তাদের সেই চরম আত্মত্যাগই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচনা করে। ১৯৯৯ সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

আজ সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। টেলিভিশন ও রেডিওতে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়া বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা তুলে ধরা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই