পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ততায় ফিরছে দেশ। টানা ৭ দিনের সরকারি ছুটি শেষে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সব সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান পুনরায় খুলছে।
পঞ্জিকা অনুযায়ী, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেক সরকারি-বেসরকারি চাকরিজীবী মাঝের ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এর পরপরই শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই এবার ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করছেন। এ কারণে অফিস-আদালত ও ব্যাংকগুলোতে পুরোদমে কার্যক্রম শুরু হতে চলতি সপ্তাহটি কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে।
সাধারণত ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের খুব একটা চাপ থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়েই বেশি ব্যস্ত থাকেন। ব্যাংকগুলোতেও জরুরি প্রয়োজন ছাড়া চলতি সপ্তাহে লেনদেনের খুব একটা ভিড় দেখা যাবে না বলে মনে করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে রাজধানী ঢাকা তার চিরচেনা রূপে ফিরবে।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি ঘোষণা করেছিল। সেই ছুটি আজ শেষ হওয়ায় আগামীকাল থেকে সংবাদমাধ্যমগুলোও আবারও সরব হয়ে উঠবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments