Image description

দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও সর্বশেষ তথ্যে এই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। আক্রান্তদের মধ্যে সিংহভাগই শিশু হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই সকল চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। এছাড়া সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করার জোরালো প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি হওয়ায় অভিভাবকদের বাড়তি সচেতনতা প্রয়োজন। জ্বর, সর্দি, কাশি এবং শরীরে লালচে দানা দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত শিশুদের পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

এর আগে গত ২ এপ্রিল হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু এবং আরও ১৩ জন হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদান কার্যক্রম আরও গতিশীল করা এবং হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

মানবকণ্ঠ/ডিআর