দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই পাওয়ার প্ল্যান্টের সচল থাকা সবশেষ ইউনিটটিও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ এখন শূন্য।
কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতে প্ল্যান্টের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের জন্য ২০২০ সালের নভেম্বর মাস থেকে দীর্ঘ সাড়ে ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। বাকি দুটি ইউনিটের (১ ও ৩ নম্বর) মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও দীর্ঘদিনের পুরনো যন্ত্রপাতি হওয়ায় বারবার বিপত্তি ঘটছে। সবশেষ ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির উৎপাদন এখন পুরোপুরি থমকে গেছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে বয়লারের লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর নষ্ট হওয়ার মতো ত্রুটির কারণে কেন্দ্রটির উৎপাদন কয়েক দফা বন্ধ হয়েছিল। বারবার এমন বিপর্যয়ের কারণে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সংস্কার করে ইউনিটগুলো সচল করা না গেলে সামনে লোডশেডিং পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments