Image description

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে রক্তপাতহীন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি মন্তব্য করেছেন, জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে শেষ হলেও স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কমিশনের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (অ্যানফ্রেল) আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে সিইসি বলেন, "আমরা একটি রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও যাতে স্বচ্ছ ও সুন্দর হয়, সে জন্য কমিশন বদ্ধপরিকর। তবে স্থানীয় নির্বাচনে সাধারণত প্রতিদ্বন্দ্বিতা বেশি থাকে বিধায় সেখানে সহিংসতা এড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।"

তিনি আরও বলেন, "বর্তমান সরকার জনগণের সরকার। আমরা বিশ্বাস করি, দেশের মঙ্গলের জন্য সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে আমাদের সব ধরনের সহায়তা দেবে। নির্বাচন আয়োজনে চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে সবার সহযোগিতায় আমরা তা মোকাবিলা করতে পারব।"

একই সংবাদ সম্মেলনে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনি পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, "পৃথিবীর কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না। তবে বাংলাদেশের বিগত নির্বাচনের ইতিহাসের তুলনায় এবারের ভোট ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। এর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও উন্নত হচ্ছে।"

অনুষ্ঠানে দেশি-বিদেশি নির্বাচনি পর্যবেক্ষক ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই