রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৮ জুন) দুপুরের মধ্যেই ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গুমোট গরম কাটিয়ে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে।
সোমবার সকাল ৭টায় দেওয়া আবহাওয়া বার্তায় বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা নগরজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।
আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টি হলেও পরবর্তী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments