গাজীপুর মহানগরীর পূবাইলে পরিত্যক্ত টায়ার থেকে তেল উৎপাদনকারী একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর তথ্য জনতে কারখানার মালিকপক্ষ বা সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শনিবার (২০ জুন) দুপুরে পূবাইলের কলেজ গেট থেকে ভাদুনগামী সড়কে আরএফএল কোম্পানির সংলগ্ন এলাকায় অবস্থিত ইকো গ্রীন ওয়েল কোম্পানি লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের কার্যক্রম চালিয়ে আসছিল।
এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার একটি বয়লার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
পূবাইল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমাদের পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় প্রাথমিকভাবে আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বিকেল ৪টার দিকে মানবকন্ঠকে জানান,দুপুর ২টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছি। প্রায় ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে মালিকপক্ষ কিংবা শ্রমিকদের কাউকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কারখানাটির বৈধতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।




Comments