Image description

বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), ক্যাপিটাল মার্কেট এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশ এখন বিনিয়োগের গন্তব্য, সুতরাং চিন্তার কিছু নেই। আমাদের বাজেটে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে মাথায় রেখে পরিকল্পনা সাজানো হয়েছে।”

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ভৌগোলিক ও স্ট্র্যাটেজিক কারণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাজেটে প্রতিফলিত হয়েছে। কর্ণফুলী নদীর ওপারে ৬০০ একর জমিতে ফ্রি-জোন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামে একাধিক পোর্ট নির্মাণ, বিমানবন্দরকে কার্গো ও প্যাসেঞ্জার হাবে রূপান্তর এবং চাইনিজ ইকোনমিক জোন গড়ে তোলার কাজ চলছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের কাজ শেষ হলে যাতায়াতের সময় প্রায় ২ ঘণ্টা কমে আসবে। মাতারবাড়িতেও বড় ধরনের উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে যাবে।

অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিস্থিতি থেকে উত্তরণই এখন বড় চ্যালেঞ্জ। অর্থনীতিকে স্থিতিশীল করার পর আমরা সমৃদ্ধির দিকে যাব। আশা করছি, তৃতীয় বা চতুর্থ বছর থেকে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং আমরা ওয়ান ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাব।”

মানবকণ্ঠ/ডিআর