Image description

টানা ভারী বৃষ্টি ও পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৯ জুলাই) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন।

তিনি জানান, ভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষার্থীকে পাহাড়ি পথ, খরস্রোতা ছড়া ও ঝিরি পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়, যা এখন খুবই ঝুঁকিপূর্ণ।

এ ছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র চালু থাকায় সেখানে পাঠদানও সম্ভব হচ্ছে না।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বৃহস্পতিবার জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।