Image description

কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে এসে আনুমানিক ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি মা বন্যহাতি গুরুতর আহত হয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে যাওয়ায় পা পিছলে নিচে পড়ে যায় হাতিটি।

স্থানীয়রা ঘটনাটি দেখে দ্রুত বন বিভাগকে খবর দিলে বনকর্মী ও টেকনাফ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আবদুর রশিদ জানান, ভেটেরিনারি চিকিৎসক হাতিটির চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা করা গেলে এটি সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটির বুকে বা পেটে গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে আসছে।

তিনি জানান, হাতিটি সুস্থ হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাকে আবার বনে অবমুক্ত করা হবে। প্রয়োজন হলে চকরিয়ার সাফারি পার্কে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।