Image description

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে তাদের দল একচুলও সরে আসবে না এবং এ দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।

শনিবার রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে তারা সরে যাবেন না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, অতীতের নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে তাদের পরাজিত করা হয়েছে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুগুলোতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি চীন সফর, তিস্তা মহাপরিকল্পনা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও অর্থনৈতিক বিষয় নিয়েও সরকারের সমালোচনা করেন।

এ সময় শেখ হাসিনাকে নিয়ে নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যও সমাবেশে আলোচনায় আসে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য এ সমাবেশের আয়োজন করে।