Image description

বীর মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও নির্ভুল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান।

এদিন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও কেন আজও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়ে গেছে এবং বর্তমান সরকার কোনো নির্ভুল তালিকা প্রকাশের পরিকল্পনা করছে কি না।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা হিসেবে মাঠে থেকে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ফলে মুক্তিযোদ্ধাদের প্রতি এই সরকারের একটি পবিত্র দায়িত্ব রয়েছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশ স্বাধীনের পর সঠিক ও নিরপেক্ষ তালিকা তৈরির দায়িত্ব যাদের ছিল, তারা তা যথাযথভাবে পালন করেনি। বিভিন্ন সময়ে এই তালিকা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য কাজ করে যাচ্ছে, যাতে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সঠিক সম্মান নিশ্চিত করা যায়।’

অধিবেশনে প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, সরকার মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং খুব শীঘ্রই এই চূড়ান্ত তালিকা জাতির সামনে উপস্থাপন করা হবে।

মানবকণ্ঠ/ডিআর