বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে
পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। অবৈধভাবে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কাফি তার ক্রয়কৃত জমিতে প্রবেশের জন্য বিদ্যালয়ের মালিকানাধীন জমি দখল করে একটি রাস্তা নির্মাণ করেন। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ১৯৫৪ সাল থেকে বিভিন্ন সময়ে কেনা মোট ৪০ একর ৬৪ শতাংশ জমি তারা ভোগদখল করে আসছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণের পর জমিগুলো শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে সিক্সলেন সড়কের উত্তর পাশে বিদ্যালয়ের ২১ একর ৭৬ শতাংশ জমির একটি অংশ দখল করে এই রাস্তা নির্মাণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. রহিম অভিযোগ করে বলেন, "গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন। বাধা দিলে তিনি বিভিন্নভাবে হুমকি দেন। আমরা বিদ্যালয়ের জমি উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।"
অভিযোগের বিষয়ে মো. নুরুজ্জামান কাফি বলেন, "ওই জমির পেছনে আমার খরিদ করা জমি থাকলেও চলাচলের রাস্তা নেই। আমি জানতে পেরেছি মোবারক পঞ্চায়েতের ওয়ারিশরা উচ্চ আদালত থেকে ওই জমির রায় পেয়েছেন। আমি তাদের কাছ থেকে ৬ শতাংশ জমি বায়না চুক্তির মাধ্যমে ক্রয় করেছি এবং তারাই জমিটি বুঝিয়ে দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।"
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে সত্যতা যাচাই করা হচ্ছে। যদি সরকারি স্কুলের জমি দখলের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উল্লেখ্য, অভিযুক্ত নুরুজ্জামান কাফি ২০২৬ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments