ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিক নিহত, আহত ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক রক্ষণাবেক্ষণের কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় রাশেদা বেগম (৪০) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদা বেগম উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের রোস্তম আলীর স্ত্রী। তিনি এলজিইডির গ্রামীণ সড়ক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এলসিএস কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনায় বেলাল হোসেন (২০) নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাশেদা বেগম সড়কের পাশে রক্ষণাবেক্ষণ কাজ করছিলেন। এসময় একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত মোটরসাইকেল চালক বেলাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর তারা পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments