মুরাদনগরে অহেদ হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
কুমিল্লার মুরাদনগর উপজেলায় অহেদ ভূঁইয়ার হত্যার সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী সানোয়ারা বেগম, ছেলে তুহিন মিয়া, বড় ছেলের স্ত্রী সুমাইয়া আক্তার, স্থানীয় বাসিন্দা ডাঃ মোঃ শিহাব শামীম, মেহেদী হাসান, আব্দুল জলিল জুনু, ছত্তর মিয়া, শহীদ ডিলার, খতেজা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, নিহত অহেদ ভূঁইয়া এলাকার একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন। তাকে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। তারা আরো বলেন, এটি কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত এলাকাবাসীকে নিয়ে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী স্বজনরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ জুলাই) কৃষক অহেদ ভূঁইয়াকে গলাকেটা হত্যা করে পুকুরের পানিতে ফেলে রাখে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।




Comments