প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব পরীক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী জানান, বৈরি আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান—এই পাঁচ জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়ও কিছু পরীক্ষার্থী প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে যারা কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া ওই বিষয়ের পরীক্ষার দিন একই প্রশ্নপত্রে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ সিদ্ধান্ত বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে।
এদিকে এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুলের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির কারণে পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। ওই দুই প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।




Comments