Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানার কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টার যৌথ প্রচেষ্টায় সকাল সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের কাপড়ের গোডাউনটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ভেতরে বিপুল পরিমাণ ফ্যাব্রিক্স ও দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে প্রথমে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় নারায়ণগঞ্জ, হাজীগঞ্জ, শিবু মার্কেট ও কাঁচপুর ফায়ার স্টেশন থেকে আরও ৮টি ইউনিট এসে নেভানোর কাজে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন জানান, ভোর সাড়ে ৪ টায় তারা আগুনের খবর পান। ৩ ঘণ্টা চেষ্টার পর সাড়ে ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা চরম হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে বেপজা কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশে বাধা প্রদান করে।