সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জামিনে মুক্তি পাওয়া সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত সরকারের যোগাযোগ চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, আমরা তা সরবরাহ করেছি। কাজ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি, খুব শিগগিরই অভিযুক্ত বেনজীর আহমেদকে ঢাকায় ফিরিয়ে এনে তার বিচার সম্পন্ন করা যাবে।”
দুবাইয়ে বেনজীরের জামিন প্রসঙ্গে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। বিষয়টি নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করছে এবং পরবর্তী পদক্ষেপ সে অনুযায়ী নির্ধারণ করা হবে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে দুবাইয়ে গ্রেপ্তার হন বেনজীর আহমেদ। দুবাই পুলিশের সহযোগিতায় এবং আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সমন্বয়ে তাকে আটক করা হয়। পরে গত ১২ জুন দুবাই পুলিশ আনুষ্ঠানিকভাবে এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেপ্তারের বিষয়টি জানায়।
তবে বেনজীর আহমেদ দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন—এমন তথ্যের বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।




Comments