র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর একটি খসড়া তৈরি করা হয়েছে, যা জনমতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আইনের খসড়ায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সুসংহতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিনেন্স, ১৯৭৯’-এর অধীনে গঠিত র্যাব বিলুপ্ত করা হবে। এর পরিবর্তে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন, এর নিয়ন্ত্রণ, পরিচালনা ও শৃঙ্খলা রক্ষার বিধান নিশ্চিত করতে এই নতুন আইন প্রণয়ন করা হচ্ছে।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী, এসআরবি হবে বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এই বাহিনীর নিজস্ব লোগো, পতাকা ও পোশাক থাকবে। সরকারের প্রয়োজনীয়তা অনুযায়ী বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য শৃঙ্খলা বাহিনীর নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের পদায়ন বা প্রেষণে নিয়োগের মাধ্যমে এই ইউনিট গঠিত হবে।
খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, শৃঙ্খলা-বাহিনী ও প্রতিরক্ষা কর্মবিভাগ সম্পর্কিত আইন সাপেক্ষে নির্ধারিত শর্তে যেকোনো সদস্যকে এই ইউনিটে প্রেষণে বা অস্থায়ীভাবে সংযুক্ত করা যাবে। নতুন এই বাহিনীতে প্রেষণে নিয়োগের মেয়াদ ন্যূনতম ২ বছর রাখার প্রস্তাব করা হয়েছে। মূলত আধুনিক ও যুগোপযোগী একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এসআরবি-কে গড়ে তোলার লক্ষ্যেই সরকার এই পদক্ষেপ নিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments