Image description

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মহেশখালীর উদ্দেশ্যে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (আইডিএ) চলমান কার্যক্রম পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এসব প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে।

মাতারবাড়ির কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারী এলাকা পরিদর্শনে যাবেন। সেখানে তিনি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন নির্মিত ঘর হস্তান্তর করবেন।

এরপর দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় যাবেন এবং আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এরপর তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন।

বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোতে বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিরতি শেষে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন সহায়তা প্রদান করবেন।

দিনের সবশেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের অডিটরিয়ামে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফর শেষে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডিআর